মোবাইল ইন্টারনেটে পতন, স্থিতিশীল ব্রডব্যান্ড

১৯ জুন, ২০২০ ১২:০২  
সক্রিয় মোবাইল সিম কমার সঙ্গে সঙ্গে গত এপ্রিল মাসে ইন্টারনেট সংযোগও কমেছে। এক মাসের ব্যবধানে ওই সময়ে ইন্টারনেট সংযোগ কমেছে ২০ লাখ ৬৭ হাজার। আর এর পুরো গ্রাহকই মোবাইল ব্যবহারকারী। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র ইন্টারনেট গ্রাহক পরিসংখ্যান অনুযায়ী মার্চে ইন্টারনেট সংযোগের সংখ্যা ছিলো ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার। আর এপ্রিলে ইন্টারনেট গ্রাহক কমে দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজারে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক স্থিতি অবস্থায় রয়েছে। মার্চের মতো এপ্রিলেও দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিলো ৮০ লাখ ৮৪ হাজার। এ বিষয়ে আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক বলেন, এপ্রিলে সক্রিয় মোবাইল সিম কমেছে ২৪ লাখ ১৭ হাজার। কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহারাকারীর সংখ্যা কমেছে ২০ লাখ ৬৭ হাজার। তবে সংযোগ কমলেও ইন্টারনেট ব্যবহারকারীরর সংখ্যা কিন্তু কমেনি। বরং বেড়েছে। মূলত যারা আগে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতো তাদের অনেকেই এখন বাসায় থাকেন। ফলে তারা ডাটা খরচ কমাতে এবং স্বাচ্ছন্দ্যে ঘরে বসেই অফিসের কাজ ছাড়তে মোবাইলের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেছেন। এ কারণেই মার্কেট, ট্রাভেল এজেন্সি, কর্পোরেটসহ বাণিজ্যিক ভাবে ব্যবহৃত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগগুলো আগের মতো সক্রিয় না থাকলেও করোনাকালে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার ৫০ শতাংশ বেড়েছে। এই সময়ে সংখ্যায় কম হলেও নতুন করে বাসায় সংযোগ নিয়েছে কেউ কেউ। আবার একটি বাসায় গড়ে কমপক্ষে ৫ জন করে এই সংযোগ ব্যবহার করেছেন। অবশ্য ব্রডব্যান্ডে যেহেতু আনলিমিটেড ডেটা সুবিধা পাওয়া যায় তাই ব্যবহার বাড়লেও এই সময়ে একেকটি আইএসপি প্রতিষ্ঠানের রেভিনিউ কমেছে ৩০ শতাংশ।